সাভার, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলায় রডভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় চালকের সহকারী আহত হন।
পুলিশ শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা থেকে ট্রাকটি উদ্ধার করেছে।
নিহত ট্রাকচালক ফরিদ মিয়ার (৩৭) লাশ পাওয়া যায় উপজেলার ডাউটিয়া এলাকায়। ফরিদ মিয়া চট্টগ্রামের ডবলমুড়িং থানার সন্তোষপুরের ফখরুল ইসলামের ছেলে।
আহত সহকারী আফসার হোসেন রোমানকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের আবুল খায়ের মিল থেকে রডভর্তি একটি ট্রাক বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়। ডাউটিয়ায় পেঁৗঁছলে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা চালক ফরিদকে কুপিয়ে হত্যা এবং সহকারী রোমানকে কুপিয়ে আহত করে। পরে তাদের সড়কের পাশে ফেলে ট্রাক নিয়ে ঢাকার দিকে রওয়ানা হয়।
এসময় রোমানের চিৎকার শুনে টহল পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে জয়পুরা এলাকায় ধরে ফেলে। ওই সময় ছিনতাইকারীরা ট্রাক রেখে পালিয়ে যায়। পুলিশ রডভর্তি ট্রাকটি থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, ফরিদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.
bdnews24