নাটোর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের জন্য অপহরণ করে নাটোর সদরের এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহষ্পতিবার সন্ধ্যায় হালসা গ্রামের অনন্ত কুমার চক্রবর্তী ওরফে অন্তুকে (১১) অপহরণ করা হয়। গভীর রাতে হালসা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার পাশে তার লাশ পাওয়া যায়।
অন্তু উপজেলার হালসা গ্রামের অশোক কুমার চক্রবর্তীর বড়ছেলে। সে হালসা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। এরা হলেন হালসা গ্রামের আশরাফ হোসেন, মামুন (৩০), শাজাহান (৩২), হালসা মাদ্রাসার শিক্ষক পঞ্চগড়ের মাদারীপাড়ার এমদাদুল হক এবং একই এলাকার মাদ্রাসার ছাত্র সাইদুজ্জামান।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হালসা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় অন্তুকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি অন্তুর বাবা সঙ্গে সঙ্গে নাটোর সদর থানায় জানান।
পরে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ও র্যাব হালসা গ্রামের আশরাফ হোসেনকে আটক করে।
“জিজ্ঞাসাবাদে রাত পৌনে ১২টায় আশরাফ হোসেন অপহৃত অন্তুকে হত্যার কথা স্বীকার করে,” বলেন ওসি।
তিনি আরো বলেন, আশরাফের দেওয়া তথ্যমতে পুলিশ একই গ্রামের মামুন ও শাজাহানকে আটক করে।
তাদের দেখানো হালসা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি পানের বরজ থেকে অন্তুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার ময়নাতদন্ত শেষে অন্তুর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এসময় হালসা স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অন্তুর সহপাঠীসহ আশপাশের গ্রামের প্রায় ১০ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় শুক্রবার দুপুরে অন্তুর বাবা আশোক চক্রবর্তী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা করেছেন।
মামলার পর এমদাদুল হক ও সাইদুজ্জামানকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.
bdnews24