২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টানা বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল বজ্রমেঘের কারণে দেশের তিন সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 01:31 PM

Updated : 25 Apr 2022, 09:23 PM

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল বজ্রমেঘ রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় চলাচলকারী সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে টানা কয়েকদিন অসহনীয় গরমের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে।

শুক্রবার ভোররাত থেকেই চলছে টানা বৃষ্টিতে নগরীর মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেইটসহ কয়েকটি অঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত ২৪ ঘন্টায় ১০৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আগামী কয়েকদিন নগরীতে টানা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিস জানান।