২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জে যুবক খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা চালিয়ে এক যুবককে হত্যা করেছে সংঘবদ্ধ মাদক বিক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

নারায়ণগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা চালিয়ে এক যুবককে হত্যা করেছে সংঘবদ্ধ মাদক বিক্রেতারা। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী চিহ্নিত কয়েকজন মাদক বিক্রেতার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। শুক্রবার ভোরে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মুদি ব্যবসায়ী সেলিম আহম্মেদ বাবুল (২৫) এলাকায় মাদক নিমূল ও প্রতিরোধ কমিটির সদস্য। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরের দিকে উপজেলার মাছিমপুর এলাকার সেলিম আহম্মেদ বাবুলের বাড়িতে একদল মাদক বিক্রেতা হামলা চালায়। তারা সেলিমের বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় সেলিমের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষুদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে চিহ্নিত ৫/৬ জন মাদক বিক্রেতার বাড়িতে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর পরই অভিযান চালিয়ে পুলিশ মাদক বিক্রেতা সোহেল (৩২), মাসুদ (২৬) ও হাশেমকে (৪৫) আটক করে। ওসি আতিকুর রহমান জানান, সেলিম আহম্মেদ বাবু মাদক নিমূল ও প্রতিরোধ কমিটির সদস্য। তিনি এলাকায় মাদক বিক্রিতে বাধা দিতেন এবং পুলিশকে সহায়তা করতেন। এ কারণে মাদক বিক্রেতারা ক্ষুদ্ধ হয়ে এই হত্যাকা- ঘটিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৮১৭ ঘ.