গাজীপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পুলিশ হেফজত থেকে আসামি ‘ছিনিয়ে’ নিয়ে খুনের ঘটনায় মুক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চেয়ারম্যানের দুই ভাইসহ চারজনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান শরীফুল ইসলাম তোরণের ভাই মো. কাওসার সরকার (৩৫) ও মো. ইরান সরকার (৩০) এবং গ্রাম পুলিশের সদস্য শ্যামল সরকার (৩৫) ও শ্রী নিবাস ম-ল (৩০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে বড়গাঁও বাজার থেকে মো. মামুন ভূইয়া (৩২) নামে এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে রামচন্দ্রপুর এলাকায় তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। অন্যদিকে পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জের ধরে চেয়ারম্যানের লোকজন পুলিশের সহযোগিতায় মামুনকে খুন করেছে।
ওই ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মামুনের বড় ভাই নাজমুল হোসেন ভূইয়া কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এতে চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণ ও সাবেক ইউপি সদস্য আব্দুল হেকিমসহ নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৮-১০জনকে আসামি করা হয়েছে বলে ওসি এনায়েত উদ্দিন জানান।
মামুনের বড় ভাই নাজমুল সাংবাদিকদের জানান, ৬/৭ মাস আগে মোবাইল ফোনে মামুনকে হত্যার হুমকি দিলে কালীগঞ্জ থানায় একাধিক জিডি করা হয়। এ সব জিডিতে শরীফুল ইসলাম তোরণের সহযোগীদের নামও আসে।
ওসি বলেন, মামলা দায়েরের পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইরান মামলার এজহারভুক্ত আসামি। অন্যদের নাম তদন্তে এসেছে বলে জানান তিনি।
এদিকে আসামি ‘ছিনিয়ে’ হত্যার ঘটনায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আবুল খায়ের।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, ৭ দিনের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদনের জমা দিতে বলা হয়েছে।
এছাড়া কর্তব্যে অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দেকে বুধবারই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৪০ ঘ.
bdnews24