চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল আইসক্রিম প্রস্তুতের অপরাধে নগরীর একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বাকলিয়া এলাকার শাহ আমানত সড়কের ওই কারখানাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন এ জরিমানা করেন।
একই সাথে কারখানাটি সিলগালা করে বাকলিয়া থানার তদারকিতে দেওয়া হয়েছে।
সিসিসি জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধভাবে গড়ে ওঠা এ কারখানাটিকে সব ধরনের আইসক্রিম তৈরি করতে নিষেধ করা হয়েছে। কারখানার বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ও জরিমানা অনাদায়ে কারখানার মালিক আমিনুল ইসলামকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।
অভিযানের সময় এ কারখানার প্রায় দুই হাজার বিভিন্ন রঙের আইসক্রিম ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন বিএসটিআই’র একাধিক কর্মকর্তা, পুলিশ ও র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৪৪ ঘ.
bdnews24