ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও প্রথমআলোসহ বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে নোয়াখালী ও পটুয়াখালীতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়খালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী টেলিভিশন রিনপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেসবাহ উল হক মিঠু ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু।
বক্তরা বিডিনিউজ ও প্রথমআলো সাংবাদিকদের ওপর হামলাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যেরও নিন্দা জানান তারা।
পটুয়াখালীতে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার সাংবাদিকরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, নির্যাতন বন্ধ করা না হলে এর পরিণতি শুভ হবে না।
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মোতালেব মোল্লা, উদীচী শিল্পীগোষ্ঠীর পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল এমা, আইন ও শালিস কেন্দ্রের পটুয়াখালী শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি শেষে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন হানজালা শিহাব, আবদুস সালাম আরিফ, জাকারিয়া হৃদয়, মো. মনির হোসেন বাদল, আবু তাহের বাপ্পা, মাছুম খান, মোস্তাফিজুর রহমান সুজন, জাহাঙ্গীর হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আলী হোসেন, মেহেদি হাসান বাদল, মো. সোহেল প্রমুখ।
গত সোমবার সন্ধ্যায় ঢাকার মহাখালীর বিডিনিউজ কার্যালয়ে ঢুকে সাংবাদিক রিফাত নেওয়াজ, সালাহউদ্দিন প্রীতমসহ কয়েকজনকে এলোপাতাড়ি কোপায়। এ ছাড়া এর আগে শেরেবাংলা নগরে দায়িত্ব পালনরত অবস্থায় প্রথম আলোর তিন ফটো সাংবাদিক ও আদালত পাড়ায় সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০২১ ঘ.
bdnews24