ঢাকা, ৩১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমে বিজ্ঞাপন ছাড়া তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ পাওয়ার ব্যাখ্যা দিতে আরো ২০ ব্যক্তিকে তলব করেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতের আদেশের পর গণপূর্ত অধিদপ্তরের দাখিল করা একটি প্রতিবেদনের ভিত্তিতে এ আদেশ এসেছে। তলবকৃতদের আগামী ১২ জুন আদালতে স্বশরীরে হাজির হয়ে প্লট পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
এ তালিকায় রয়েছেন- শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের (বাংলা ভিশন) চেয়ারম্যান আব্দুল হক, ব্রাদার্স গার্মেন্টসের চেয়ারম্যান আমিনুল ইসলাম, গ্রিন ওয়েজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, সাপ্তাহিক রোববারের প্রকাশক সাজু হোসেন, ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক, দৈনিক সকালের খবরের মালিক, প্রকাশক ও সম্পাদক বেগম তাহমিনা শওকত, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এম এনায়েতুর রহমান, দৈনিক পথযাত্রার সম্পাদক ও প্রকাশক কে এম শহিদুল্লাহ, দৈনিক পূর্বাভাস মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্সের ব্যবস্থাপনার পরিচালক এওয়াই মো. কামাল, প্যাসিফিক কেমিকেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স উম্মে খান ফ্যাশন লিমিটেডের উম্মে এ জে খান।
ফোকাস ফ্যাশন লিমিটেডের পরিচালক নাজমা ইসলামের নামও তালিকায় ছিলো। তবে অসুস্থতার কারণে তাকে ইতোপূর্বে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আল মামুনের নাম থাকলেও নিরাপত্তাজনিত কারণে তাকে ডাকা হয়নি বলে জানিয়েছেন ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন- ডাইপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, রূপালী সুয়োটার্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিক উল্লাহ, দৈনিক খবরপত্রের প্রকাশক মো. হাফিজ ইব্রাহিম, বাংলাদেশ টেলিকম লিমিটেডের পরিচালক এম শাহজাদ আলী, অটো ফ্লাওয়ার লিমিটেডের স্বত্বাধিকারী বি ইউ চৌধুরী, আশা পলি অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের প্রোপাইটর নাসির উদ্দিন আহাম্মেদ, শ্যামটেক্স লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালক মো. শাহ আলম, মেসার্স জাহিদ ট্রেডার্স অ্যান্ড স’ মিলের মো. রুহুল আমিন ভূঁইয়া।
প্লট বরাদ্দ পাওয়া দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসমত আলীকেও আদালতে আসতে হবে।
গত ৯ মে চারদলীয় জোট সরকারের দুই প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও জিয়াউল হক জিয়া, কামরুলের স্ত্রী নাজমা ইসলাম এবং জিয়াউল হকের ছেলে মাশফিকুল হক জয়কে ওই এলাকায় প্লট বরাদ্দ নেওয়ায় হাই কোর্ট তলব করে।
পরে ১৫ মে শফিক রেহমানকেও তলব করে আদালত। ২২ মে ওই আদেশের সর্বশেষ শুনানিতে অসুস্থ্যতার কারণে কামরুলের স্ত্রীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই তালিকায় নাজমা, জয় এবং শফিক রেহমানেরও নাম রয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (উপ সচিব) মো. খলিলুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, হাই কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এই মন্ত্রণালয়ের অধীনে তেজগাঁও শিল্প এলাকায় ২০০২ সাল হতে নথিতে প্রাপ্ত তথ্য মতে পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া বরাদ্দ প্রদানকৃতদের তালিকা প্রেরণ করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭৩৪ ঘ.
bdnews24