ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএসে রেজিস্ট্রার্ড ভেটেরিনারিয়ানদের নির্ধারিত পদে যোগ্যতা বহির্ভূত ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নিবন্ধক মো. ইমরান হোসেন খান বলেন, “বিধি লঙ্ঘন করে যোগ্যতা বহির্ভূত নিয়োগ পাওয়া ১৫ জন অভেটেরিনারিয়ানের নিয়োগ বাতিল করতে হবে।”
তিনি বলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৩০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে পশুসম্পদ ক্যাডারে ভেটেরিনারি ক্যাডারে ভেটেরিনারি সার্জন/বৈজ্ঞানিক কর্মকর্তা/প্রভাষক পদে নিয়োগের জন্য দ্বিতীয় শ্রেণীর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিসহ রেজিস্ট্রার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার (বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্র্যাকটিশনার্স রেজিস্ট্রেশন) হতে হবে অথবা পশুচিকিৎসা বিজ্ঞান এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ডিগ্রি চাওয়া হয়।
“পশুসম্পদ ক্যাডারে নিয়োগে বিকল্প যোগ্যতা হিসাবে চাওয়া পশুচিকিৎসা বিজ্ঞান এবং পশুপালন বিজ্ঞানে বিএসসি ডিগ্রীর অস্তিত্ব ১৯৬২ সালের পর থেকে নেই।”
তিনি দাবি করেন, পিএসসি অসাবধানবশতায় পশুসম্পদ ক্যাডারে চূড়ান্ত ফল প্রকাশের সময় যোগ্যতার বিষয়টি বিবেচনায় না এনে ১৪৮ জন প্রার্থীর মধ্যে যোগ্যতা বহির্ভূত পশুপালন বিষয়ে অনার্স ডিগ্রিধারী ১৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে, যা বাংলাদেশ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অর্ডিনেন্স-১৯৮২ এ্যাক্টের লঙ্ঘন।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে ফল প্রকাশের আগেই লিখিতভাবে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ওইসময় পিএসসির চেয়ারম্যান বলেছিলেন একটু ভুল হয়ে গেছে, সুপারিশকৃতদের নিয়োগ বাতিল করা হবে।”
সুপারিশকৃত ১৫ জনের নিয়োগ বাতিল না করে স¤প্রতি তাদের পদায়ন করা হয়েছে উল্লেখ করে ইমরান হোসেন বলেন, এদের নিয়োগ বাতিল করে শুধুমাত্র রেজিস্ট্রার্ড ভেটেরিনিয়াল প্র্যাকটিশনান নিয়োগ দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ ভেটিরিনারি কাউন্সিলের সভাপতি আব্দুর রউফ মোল্লা, উপ-রেজিস্ট্রার গোপাল চন্দ্র বিশ্বাস ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব হাবিবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৩১৮ ঘ.
bdnews24