ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনস্বাস্থ্য উন্নয়নে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠনের লক্ষ্যে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বিল’ সংসদে পাস হয়েছে।
বুধবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ডেপুটি স্পিকার শওকত আলী বিলটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী জানান, দেশের জনগণের পুষ্টির স্তর উন্নয়নের লক্ষ্যে নিরাপদ ও প্রয়োজনীয় সুষম খাদ্য নিশ্চিত করে জনস্বাস্থ্য উন্নয়নের জন্য খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের বিধান করা প্রয়োজন।
এ আইন কার্যকর হওয়ার যত দ্রুত সম্ভব সরকার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে।
ইনস্টিটিউটের প্রধান কার্যালয় হবে নারায়ণগঞ্জে। তবে প্রয়োজনে দেশের যে কোনো স্থানে এর আঞ্চলিক কার্যালয় স্থাপন করা যাবে।
বিলে বলা হয়েছে, ইনস্টিটিউট পরিচালনার করবে পরিচালনা বোর্ড । কৃষিমন্ত্রীকে চেয়ারম্যান করে ১৯ সদস্যের পরিচালনা বোর্ডের কথা বলা হয়েছে। বোর্ডের সদস্যদের মেয়াদকাল তিন বছর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২২৪৭ ঘ.
bdnews24