বাগেরহাট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপত্তিকর ছবি প্রচারের কারণে স্কুলছাত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মধ্যে একই বিদ্যালয়ের আরেক ছাত্রীর ছবি উদ্ধার করেছে বাগেরহাট জেলা প্রশাসন।
বুধবার শহরের ট্রাফিক মোড়ে সৈকত স্টুডিও অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান থেকে ভ্রাম্যমাণ আদালত এসব আপত্তিকর ছবি উদ্ধার করে।
এ ঘটনায় স্টুডিও মালিক মারুফ বিল্লাহকে (২৪) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মো. সবুর খান (১৭) নামে এক ছাত্রের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়।
সবুর খান শহরের নাগের বাজারের মো. বাহার খানের ছেলে। সে এ বছর বাগেরহাট কারিগরী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে।
পুলিশ হেফাজতে থাকা সৈকত স্টুডিও অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক মারুফ বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুরের সঙ্গে ওই ছাত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক ছিন্ন হলে এসব আপত্তিকর ছবি সবুর তাকে সরবরাহ করে।
বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান বলেন, “সবুর খানের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বাগেরহাট মডেল থানাকে।”
বাগেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর পর সাবিয়া সুলতানা সাথী নামে একজন আত্মহত্যা করে বৃহস্পতিবার।
এই ঘটনায় সাথীর চার সহপাঠী ও দুই সাংবাদিকে বিরুদ্ধে মামলা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24