২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তল্লাশির পর টাকা আদায়: মিরপুরের ওসিকে তলব

একটি বাসায় বেআইনি তল্লাশি চালিয়ে জোর করে অর্থ আদায়ের অভিযোগের ব্যাখ্যা দিতে মিরপুর মডেল থানার ওসিকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বাসায় বেআইনি তল্লাশি চালিয়ে জোর করে অর্থ আদায়ের অভিযোগের ব্যাখ্যা দিতে মিরপুর মডেল থানার ওসিকে তলব করেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। মিরপুর মডেল থানার ওসি ওয়াজেদ আলীর পাশাপাশি ওই থানার উপ-পরিদর্শক ইয়াছিন গাজীকেও আগামী ১১ জুন আদালতে হাজির হতে হবে। বাসায় তল্লাশির ঘটনায় জড়িত অন্য পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা তিন দিনের মধ্যে আদালতে দাখিল করতে ওসি ও এসআইকে নির্দেশও দিয়েছে আদালত। হোসনেয়ারা বেগম ও বেলায়েত হোসেন নামে মিরপুরের বসবাসকারী এক দম্পত্তি সকালে হাই কোর্টে রিট আবেদনটি করেন। এতে বলা হয়, গত ২২ মে দুই আবেদনকারীর তালতলার বাসায় গিয়ে পুলিশ বেলায়েতকে ধরে মিরপুর থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দিতে ওই থানার পুলিশের উপ-পরিদর্শক ইয়াছিন গাজী থানার ওসিকে দেওয়ার কথা বলে বেলায়েতের পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা নেয়। অবৈধভাবে বাসায় তল্লাশি এবং টাকা আদায়ে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, রিট আবেদনে আদালত এই রুল জারি করেছে। একইসঙ্গে আইনগত পদ্ধতি অনুসরণ না করে আবেদনকারী বাসায় ঢুকে তল্লাশি চালানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মিরপুর মডেল থানার ওই দুই কর্মকর্তাকে রুলের জবাব দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১৩৭ ঘ.