ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলা এবং প্রথম আলোর ফটো সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের জন্য দায়ীদের গ্রেপ্তারে ৪ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে ওই সময়ের মধ্যে ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামানেরও অপসারণ চেয়েছেন সাংবাদিকরা।
সোমবার সন্ধ্যায় মহাখালীর আমতলিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ এবং সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত হন অফিস সহকারী রুহুল আমিনও। তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতন ও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী মানববন্ধনে বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব সাংবাদিক নির্যাতনের বিচার করতে হবে। হামলাকারীদের মুখ দেখে বিচার করলে হবে না। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। ব্যক্তিগত নয় পেশাগত নিরাপত্তা চাই।”
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী সরকারকে হুঁশিয়ার করে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা বিধানে আপনারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। সাগর-রুনি হত্যাকাণ্ডের আজো সুরাহা করতে পারেননি। প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিকদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এরপর হামলা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে।”
“সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন চলছে। এসব বন্ধ করা না হলে এর বিরুদ্ধে সাংবাদিক সমাজ আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে”, বলেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, “সাংবাদিকদের টার্গেট করে হামলা করা হচ্ছে। নির্যাতন হামলা বন্ধ না হলে দুর্বার প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাংবাদিকরা আজ ভীত সন্ত্রস্ত্র। তাদের ওপর একের পর এক আঘাত হচ্ছে। কাদের ছত্রছায়ায় এসব হামলা চালানো হচ্ছে? হামলা নির্যাতন বন্ধ করা না হলে সংবাদপত্র বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুস শহীদ বলেন, “একটা ঘটনা ঘটিয়ে তা আড়ালের জন্য আরেকটি ঘটনা ঘটানো হচ্ছে। দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন যজ্ঞ চলছে। আমরা নরকে বাস করছি। সন্ত্রাসীরা জানে সাংবাদিক পেটালে কিছু হয় না। এটা শুভ লক্ষণ নয়।”
অন্যদের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন আহমেদ নুরু ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাবলু সমাবেশে বক্তব্য রাখেন।
গত শনিবার দুপুরে আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় দায়িত্ব পালনকালে প্রথম আলোর তিন ফটো সাংবাদিককে মারধর করে পুলিশ।
এ ঘটনায় ইতোমধ্যে পুলিশের এক সহকারী কমিশনার সদস্যসহ ১০ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া চলতি মাসে ধানমণ্ডিতে বাসচাপায় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা নিহত হওয়ার পর বিক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয় জনতাকে লাঠিপেটা করে ধানমন্ডি থানা পুলিশ।
এ কারণে ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামানের অপসারণ দাবি করেছে সাংবাদিকদের সংগঠনগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএসটি/এমডি/আরএ/১৪৩৫ ঘ.
bdnews24