ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে একটি মামলা করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ।
বনানী থানার ওসি মামুন অর রশীদ মঙ্গলবার দুপুরে জানান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানবসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এজাহারে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার সন্ধ্যায় মহাখালীর আমতলিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ এবং সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত হন অফিস সহকারী রুহুল আমিনও। তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই ঘটনার পরপরই পুলিশ ও র্যাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে আসে এবং তদন্ত শুরু করে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মাসুদুর রহমান জানান, হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাখালী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম সৌরভ, হোসেন ও ইলিয়াস নামের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা মহাখালীতেই থাকে বলে জানান তিনি। মহাখালীর আমতলীতে বন ভবনের পাশেই ৯৯ মহাখালীর পঞ্চম তলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তাকক্ষ।
নতুন কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে অফিস সহকারী রুহুল আমিন নিচে অবস্থানকালে রাত ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এক সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।
রুহুল আমিনকে ছুরিকাঘাতের কথা শুনে কার্যালয়ে দায়িত্বরত সাংবাদিকরা নিচে গিয়ে ওই সন্ত্রাসীকে আটকে পুলিশে খবর দিলে তার সঙ্গীরা জড়ো হয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। তারা রিফাত ও প্রীতমের পায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।
এ সময় আরো কয়েকজন সাংবাদিক ও অফিস সহকারী আহত হন। কার্যালয়ের বাইরে রাখা সাংবাদিকদের গাড়ি ও মোটরসাইকেলও ভাংচুর করে হামলাকারীরা।
মহানগর পুলিশের উপ কমিশনার (গুলশান বিভাগ) লুৎফুল কবির রাতে সাংবাদিকদের বলেন, ডিএমপির কয়েকটি দল বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে। তারা জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।
সারা দেশে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এর নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মঙ্গলবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এএল/১৫৩০ ঘ.
bdnews24