ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগারগাঁওয়ে তিন সাংবাদিককে পেটানোর ঘটনায় দুঃখ প্রকাশ করলেও একে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন পুলিশ প্রধান হাসান মাহমুদ খোন্দকার।
এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার নিজ বাহিনীর এক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাকে শনিবারের নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্ন করেন।
হাসান মাহমুদ খোন্দকার বলেন, “এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনার জন্য গোটা পুলিশ বাহিনীকে দোষারোপ করা যায় না।”
আগারগাঁও এলাকায় দায়িত্ব পালনকালে শনিবার পুলিশের মারধরের শিকার হন প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক সাজিদ হোসেন, জাহিদুল করিম ও খালেদ সরকার।
ওই ঘটনার পর বিক্ষুব্ধ সাংবাদিকদের সমাবেশ-মিছিল থেকে বলা হচ্ছে, দেশে সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতন ক্রমে বাড়ছে।
ঘটনাটিকে ‘অনভিপ্রেত’ উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, “যারা পুলিশ বাহিনীতে থেকে এ ধরনের ঘটনা ঘটায়, তাদের কখনোই ছাড় দেওয়া হয়নি, এক্ষেত্রেও হবে না।”
নির্যাতনের ওই ঘটনায় পুলিশের সহকারী কমিশনার শহীদুল ইসলামসহ ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে একটি তদন্ত কমিটিও করা হয়েছে।
আইজিপি সোমবার বিকালে পুলিশের হকি প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখেন। এই খেলায় আর্র্মড পুলিশ ব্যাটালিয়নকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা মহানগর পুলিশ।
এদিকে প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/২০০০ ঘ.
bdnews24