২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির লোভ: আড়াইহাজারে চাচা ভেঙে দিল ভাতিজির হাত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে এক চাচা লোহার রড দিয়ে পিটিয়ে অনাথ ভাতিজির হাত ভেঙে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

নারায়ণগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে এক চাচা লোহার রড দিয়ে পিটিয়ে অনাথ ভাতিজির হাত ভেঙে দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় ভাতিজি লিজা আক্তারকে (১৫) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চাচা গোলাম মহিউদ্দিন মোল্লা পলাতক রয়েছেন। আহত লিজার মা রেবা আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামীর মৃত্যুর পর গোলাম মহিউদ্দিন মোল্লা তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে লিজার নামে নিবন্ধিত দেড় শতাংশ পরিমাণ বসতভিটার জমি নিজের নামে নিবন্ধন করাতে মা-মেয়ের উপর চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় বাড়ির চারদিকে বেড়া দিয়ে মা-মেয়েকে কার্যত অবরুদ্ধ করে রাখেন গোলাম মহিউদ্দিন। অবরুদ্ধ অবস্থা থেকে সোমবার সকালে তারা বের হতে গেলে লিজাকে লোহার রড দিয়ে পেটান গোলাম মহিউদ্দিন। এতে তার বাঁ হাতের দু’টি হাড় ভেঙে যায়। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। লিজা এবার নরসিংদীর মাধবদী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে তার মা জানান। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিজার বাম হাতের এক্স-রে করার পর দেখা যায় দু’টি হাতই ভেঙে গেছে। এরপর তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে লিজার মা বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে গিয়ে গোলাম মহিউদ্দিনকে পায়নি বলে দাবি করেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৯২৭ ঘ.