ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীমা প্রতিষ্ঠান ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ আট জনকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত ও মানহানির মামলায় তলব করেছে আদালত।
পাওনা চেয়ে ওই প্রতিষ্ঠানের সাবেক দুই কর্মকর্তার দুটি মামলায় সোমবার তলবের এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান।
মামলাকারীরা হলেন- সাবেক যুগ্ম নির্বাহী পরিচালক সাদেকুর রহমান ও নাজমুল হুদা লিটন। একজন রোববার এবং অন্যজন সোমবার মামলা করেন।
দুই মামলায়ই আসামিদের আগামী ১ অগাস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে।
সাদেক ও লিটনের অভিযোগ, দুজন ব্যক্তিগত কারণে চাকরি থেকে ইস্তফা দিলেও তা গ্রহণ না করে তাদের বরখাস্ত করা হয় এবং বিভিন্ন দৈনিকে বিজ্ঞাপন দিয়ে তা প্রচারও করা হয়।
কর্তৃপক্ষের এই পদক্ষেপে সম্মানহানির পাশাপাশি দুজনের চাকরিকালীন বেতন ছাড়া অন্যান্য পাওনা প্রায় ২৫ লাখ টাকা থেকে বাদিদের বঞ্চিত করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24