বরিশাল, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে হাসপাতাল রোডের হোটেল প্যারাডাইস-১ এর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন মিয়া (২৬) রাজধানীর দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ীর আনছার উদ্দিনের ছেলে ।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দরজা ভেঙ্গে কক্ষে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মামুনের মৃতদেহ পাওয়া যায়।
তিন দিন আগে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।
হোটেল মালিক আকবর খান জানান, গত ২৫ মে মামুন এই হোটেলে রুম ভাড়া নেন।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে হোটেল বয় আলম ওই কক্ষের দরজায় ধাক্কা দেওয়ার পরও ভেতর থেকে কেউ কোনো সাড়া দেয়নি। পরে পুলিশে খবর দেওয়া হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান এসআই হেলালুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/১৮০৪ ঘ.
bdnews24