চাঁদপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মোতাহির আলী সোমবার এই রায় দেন।
সাজাপ্রাপ্ত জহিরুল হকের (৬৫) বাড়ি হাজীগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৫ জুন সন্ধ্যায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে জহিরুল। মেয়েটির মা শিরিন আক্তার ওই দিনই একটি মামলা করেন।
তদন্ত শেষে ওই বছর ৩০ সেপ্টেম্বর জহিরুলকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সোমবার এই রায় ঘোষণা করলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৫০ ঘ.
bdnews24