চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপি ও জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় জামিন পেয়েছেন নগর জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম।
দ্রুত বিচার আদালতের দায়িত্বে থাকা চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সোমবার তার জামিন মঞ্জুর করেন।
এই জামায়াত নেতার আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চ আদালতের নির্দেশে শামসুল নিু আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ৫ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এছাড়া ওই সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানার দ্রুত বিচার আইনের দুটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকেও পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছে একই আদালত। এই ১৩ জনের মধ্যে চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম বক্কর, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা তোতনও রয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই মামলায় ১৩ জন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। এর মেয়াদ শেষে তারা নিু আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন।”
গত ১৩ মে ১৮ দলীয় জোটের গণমিছিলের আগে সমাবেশ চলাকালে নগরীর কাজীর দেউরি মোড় ও নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ সেদিনই কোতোয়ালি ও খুলশী থানায় মোট ছয়টি মামলা করে, যার মধ্যে তিনটি করা হয় দ্রুত বিচার আইনে।
এই তিন মামলায় গত ২২ মে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫১৭ ঘ.
bdnews24