২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে তামাকের ওপর কর বাড়ানোর দাবি

তামাকের সেবন নিরুৎসাহিত করতে সব ধরণের তামাক পণ্যের ওপর কর বৃদ্ধি করার দাবি জানিয়েছে চিকিৎসক ও পেশাজীবি সংগঠনগুলোর জোট তামাকবিরোধী ঐক্য ফোরাম (ইউএফএটি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুখের ক্যান্সার ধরা পড়ার পরই তামাক পাতা খাওয়ার ক্ষতিকর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারলেন সুফিয়া বেগম। বাংলাদেশের পল্লী এলাকার অনেক নারীর মতোই দীর্ঘদিন ধরে তামাক পাতা চিবানোর অভ্যাস কুমিল্লা থেকে আসা ষাটোর্ধ্ব সুফিয়ার। ক্যান্সারের চিকিৎসায় তার চোয়ালের একটি অংশ তুলে ফেলেছেন চিকিৎসকেরা। ভালভাবে মুখ খুলতে ও জিহ্বা নাড়াতে না পারার কারণে তার কথা বলতে সমস্যা হয়। “এখন খাবার খেতে সমস্যা হয়,” অনেক কষ্টে বলেন তিনি। ৬০ বছর বয়সী শেখ নজরুল ইসলামও মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত। দরিদ্র এই চাষী জানান, চল্লিশ বছর ধরে তিনি হাতে তৈরি বিড়ি ও জর্দা খান। তাদেরকে একটি আলোচনা সভায় আনেন। জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট অধিবেশনের সময় নীতিনির্ধারকদেরকে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করতে রোববার এ সভার আয়োজন করা হয়। তামাকের সেবন নিরুৎসাহিত করতে আগামী বাজেটে সব ধরণের তামাক পণ্যের ওপর কর বৃদ্ধি করার দাবি জানায় ইউএফএটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গোলাম মহিউদ্দিন ফারুক জানান, ২০১১ সালে তারা কমপক্ষে ৬ হাজার ক্যান্সার আক্রান্ত রোগী পেয়েছেন। এদের মধ্যে ৩০ শতাংশ রোগী মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত। এদের ৯০ শতাংশই তামাক সেবনের জন্য ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তামাক উৎপাদনকারী দেশ হিসেবে ২০তম অবস্থানে থাকা বাংলাদেশে তামাক বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা বলে ধারণা করা হয়। বর্তমানে সিগারেটের ওপর চার স্তরে ৩৬ থেকে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত আছে। এই হার বিড়ির ওপর মাত্র ২০ শতাংশ। আর জর্দা ও গুলের মত ধোঁয়াবিহীন তামাকের ক্ষেত্রে তা ৩০ শতাংশ। অর্থনীতিবিদরা বলেন, প্রতি ১০টি সিগারেটের ওপর ৩৪ টাকা এবং ২৫টি বিড়ির এক প্যাকেটের ওপর চার টাকা ৯৫ পয়সা কর আরোপ করা হলে সরকার তামাক ও তামাকজাত পণ্য থেকে ২ হাজার ২২০ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবে। এ ছাড়া এর ফলে এক কোটি চার লাখ মানুষ তামাক সেবনের অভ্যাস ত্যাগ করবে। বাংলাদেশে প্রতিদিন ১৫০ জনের বেশি মানুষ তামাকসংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তামাক শিল্প মালিকদের পক্ষ থেকে তামাকের কারখানায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির দাবি করা হলেও সা¤প্রতিক গবেষণায় দেখা গেছে, দেশের ১১৭টি বিড়ি কারখানায় মাত্র ৬৫ হাজারের মতো শ্রমিক কাজ করে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, “আমরা রাষ্ট্রপতির ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অবিলম্বে তামাকের ওপর কর বাড়ানো এবং ২০০৫ সালের তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি জানিয়েছি।” রাষ্ট্রপতি জিল্লুর রহমান এই ফোরামের মূল পৃষ্ঠপোষক। জাতীয় অধ্যাপক আব্দুল মালিক বলেন, সরকার মনে করে তারা তামাক শিল্প থেকে বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করে। কিন্তু বাস্তবে তামাকের জন্য দায়ী রোগের চিকিৎসায় সরকারের আরো বেশি খরচ হয়। তিনি বলেন, আমাদের তামাক চাষ বন্ধ করতে হবে। “এমনকি রাজস্ব বাড়ানোর জন্য তামাক রপ্তানির কথা চিন্তা করাটাও অমানবিক।” তামাক নিয়ন্ত্রণে সংশোধিত আইনের খসড়ায় তামাক দ্রব্য হিসেবে জর্দা, সাদা পাতা ও গুলের মত ধোঁয়াবিহীন তামাককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধূমপায়ীদের নিরুৎসাহিত করতে সিগারেটের মোড়কের ৫০ শতাংশজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী লাগানোর কথা বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এসইউ/১১৪৪ ঘ.