আল-ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনে ঘরে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশির একজন সৈয়দ আহম্মেদ মুন্সী। সাত বছরের প্রবাস জীবনে পরিবারে কিছুটা স্বচ্ছলতা আনতে পারলেও নিজে ফিরতে পারলেন না পরিবারের কাছে।
২০০৫ সালে ছোটো ছেলে নাঈমের জন্মের পরপরই বাহরাইনে যান সৈয়দ আহম্মেদ (৪৫)। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় গ্রামের মৃত আব্দুল জলিল মুন্সীর ছেলে আহম্মেদ জীবন সংগ্রামে কিছুটা সাফল্যের মুখও দেখেছিলেন। বাহরাইনে শ্রমিক হয়ে গেলেও বুদ্ধিমত্তার জোরে ঠিকাদার হয়ে ওঠেন তিনি।
রোববার সকালে বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকায় ঘরের মধ্যেই অন্য ৯ বাংলাদেশির সঙ্গে প্রাণ হারান তিনি।
সোমবার সকালে আহম্মেদের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। স্ত্রী লাইলী বেগম যাকে কাছে পাচ্ছেন তাকেই জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ছেন।
বিদেশে স্বামীর আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি অহন পোলাপাইন লইয়া কৈ যামু? আমার অহন কি অইবো। কেমনে পোলাপানরে খাওয়ামু?”
সৈয়দ আহমেদের তিন ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে জান্নাত বেগম ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আর ছেলে নাদিম ও নাঈম পড়ে দ্বিতীয় শ্রেণীতে।
ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ তার বৃদ্ধা মা হালিমা বেগম।
পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে আহম্মদ ছিলেন সবার বড়। বাকি চার ভাইয়ের মধ্যে মুক্তার আহমেদ (৪৪) সৌদি আরবে থাকেন। ফয়েজ আহমেদ (৪০), হাফেজ আহমেদ (৩৭) ও মুকসুদ আহমেদ (৩০) এলাকায় কৃষিকাজ করেন।
তিন বোনের মধ্যে আমেনা বেগম (২৫) ও মমিনা বেগমের (২২) বিয়ে হয়েছে। ছোটো বোন আছিয়া আক্তার (১৮) অবিবাহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১১৩৫ ঘ.
bdnews24