ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদনকারী ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ঢাকায় যুক্তরাজ্য হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার হাইকমিশন থেকে তাদের পুলিশে তুলে দেওয়া হয়।
লন্ডন বৈশাখী মেলায় স্টল থাকছে উল্লেখ করে তাতে যোগ দেওয়ার জন্য পর্যটক ভিসা চেয়ে করা আবেদনে ভুয়া তথ্য ও মিথ্যা কাগজপত্র দেওয়া হয়েছিল বলে বিবৃতিতে বলা হয়।
এতে বলা হয়, ভিসার জন্য আবেদনকারীরা চাকরি সম্পর্কে মিথ্যা তথ্য দেন এবং তাদের দেওয়া ব্যাংক স্টেটমেন্টও ভুয়া ছিল।
গ্রেপ্তারকৃতরা অভিযোগ স্বীকার করেছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, ভিসা পেতে সহায়তার জন্য বিভিন্ন এজেন্টকে তারা ১০ লাখ টাকা পর্যন্ত দিয়েছিলেন বলে জানিয়েছেন।
যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার নিক ল ভিসাপ্রার্থীদের প্রতারকদের থেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/২৩৩৪ ঘ.
bdnews24