পটুয়াখালী, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে ‘এসিড’ হামলার শিকার হয়েছে এক দম্পতি।
শনিবার রাত আড়াইটার দিকে মাধুবপুরা বাজার এলাকায় তাদের ওপর হামলা হয়।
রোববার সকালে রেস্টুরেন্ট ব্যবসায়ী পঞ্চম চৌকিদার (৫৫) ও তার স্ত্রী মাকসুদা বেগমকে (৪২) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাউফল থানার ওসি অফিসার ইনচার্জ নরেশ চন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসিড কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।”
পটুয়াখালী জেনারেল হাসপাতালের ডা. মো. সেলিম মাতবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাহ্য পদার্থ দ্বারা আক্রান্ত হয়ে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
উন্নত চিকিৎসা ও পরীক্ষার জন্য তাদের বরিশাল মেডিকেল কলেজ হাপাতালে রেফার করা হয়েছে, বলেন তিনি।
তিনিও বলেন, “পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে নিক্ষেপ করা পদার্থ এসিড না অন্যকিছু।”
আহত পঞ্চম চৌকিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমা নিয়ে এলাকার বারেক হাওলাদার ও মজিবর হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
তিনি বলেন, “গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে স্ত্রী মাকসুদা ঘরের বাইরে বেরুলে আমিও তার সঙ্গে বের হই।”
এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা বারেক ও মজিবরসহ ৬/৭জন তাদের দিকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় বলে জানান তিনি।
মাকসুদা বলেন, “প্রায়ই তারা আমাদের গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দিত।”
এরপর আদালতে একটি আগাম মামলা করেছেন বলে মাকসুদা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৭ ঘ
bdnews24