ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার হস্তক্ষেপ না করলে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব- এমনটি মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
রোববার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের সামনে চ্যালেঞ্জ থাকবে- আমরা নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব পদক্ষেপ নিলাম কি-না। সরকারের পক্ষ থেকে কমিশনের কাজে কোনো ধরনের ইন্টার ফেয়ার না করা হলেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।”
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সিইসি কাজী রকিব।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। ফলে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের অধীনেই। অবশ্য বিএনপি ও এর সমমনা দলগুলো বলছে, দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না।
সিইসি বলেন, “নির্বাচনের সময় চলমান যে সংবিধান ও আইন থাকবে সে অনুযায়ীই নির্বাচন করবে নির্বাচন কমিশন।”
এদিকে সরকারের পক্ষ থেকে কমিশনকে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার যে ভাষ্য গণমাধ্যমে এসেছে তা পেতে আগ্রহী নন বলে জানিয়েছেন সাবেক সচিব কাজী রকিব।
তিনি বলেন, “নির্বাচনের সময়ে ইসির নতুন করে কোনো মন্ত্রণালয়ের কর্তৃত্ব নেওয়ার প্রয়োজন নেই। কমিশনকে সহায়তা করার যে বিধান সংবিধানে রাখা হয়েছে তা দিলেই চলবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০১৩ ঘ.
bdnews24