ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় এসব প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে সুপারিশ দিতে একটি কমিটি করেছে সরকার।
এছাড়া বিক্ষোভের কারণ তদন্তে আলাদা কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে এক বৈঠকের পর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী রোববার কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের জাানন।
তিনি বলেন, পূর্ত সচিব ড. খন্দকার শওকত হোসেনকে প্রধান করে গঠিত কমিটি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর বিরাজমান সমস্যা চিহ্নিত করে এক মাসের মধ্যে সুপারিশ জমা দেবে।
“কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে”, বলেন শিক্ষা সচিব।
এছাড়া শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে কামাল আবদুল নাসের জানান।
ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে অবনমন করা হয়েছে- এমন অভিযোগে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই খবর সঠিক নয়।
এ বিষয়ে শিক্ষা সচিব বলেন, “পদাবনতি বা পদমর্যাদা নামিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। এরপরও কেন বিশঙ্খলা ঘটছে, কেউ এর পেছনে কোনো ইন্ধন দিচ্ছে কি না- তা খতিয়ে দেখা হবে।”
তেমন কিছু পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
পলিটেকনিক শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি এ কে এম এ হামিদ বলেন, “পদাবনতি ঘটানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং বর্তমান সরকার ডিপ্লোমা ইঞ্জনিয়ারদের জন্য অনেক ইতিবাচক সিদ্ধান্তই নিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪১৫ ঘ.
bdnews24