ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মহাব্যবস্থাপক পদে সেনা কর্মকর্তা মেজর আশরাফ আলীকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
ওইপদে কর্মরত সেনা কর্মকর্তা মেজর ফিরোজ খান-নুন ফরাজীকে ফিরিয়ে নেওয়া হয়েছে সেনাবাহিনীতে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এ ছাড়া একইদিন উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) কয়েকটি পদে রদবদল হয়েছে।
উপসচিবদের মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং একে কাইয়ুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওই পদে প্রেষণে নিয়োগ পেয়েছে ওএসডি উপসচিব একেএম আলী আহাদ খান।
ওএসডি করা হয়েছে বন অধিদপ্তরের উপ-বন সংরক্ষক পদে কর্মরত উপসচিব বদরুল আনাম ভূঁইয়াকে। বিসিএস (বন) ক্যাডারের এই কর্মকর্তা স¤প্রতি উপসচিব পদে পদোন্নতি পেলেও তাকে পূর্বপদে বহাল রাখা হয়েছিল।
ওএসডি উপসচিব শিরিনা খাতুনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) প্রণব কুমার রায় ও নড়াইলের এডিসি খন্দকার হাসনাত তারেককে প্রত্যাহার করে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
ফেনীর এডিসি আলীম আখতার খানকে নোয়াখালী ও চাদপুরের এডিসি মোহাম্মদ আবদুর রউফকে হবিগঞ্জের এডিসি পদে বদলি এবং সিরাজগঞ্জের তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনকে রাজশাহীর এডিসি নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবু নাসিমকে দুর্নীতি দমন কমিশনের পরিবহন কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৫ ঘ.
bdnews24