ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বাহানা আর ছলচাতুরির’ আশ্রয় না নিয়ে গণতন্ত্রের স্বার্থেই বিরোধীদলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ।
আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনে
বিরোধী দল যাবে না- এমন ইঙ্গিতের প্রতিক্রিয়ায় আব্দুস শহীদ এ আহ্বান জানালেন।
পাঁচ সংসদ সদস্যকে কারাগারে রেখে বিরোধী দল বাজেট অধিবেশনে যাবে না বলে শনিবার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তিনি আরো বলেন, “ অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছা তাদের থাকলেও বিরোধী আটজন সংসদ সদস্য কারাগারে থাকায় তাদের নতুন করে ভাবতে হচ্ছে।”
সংসদের এ ত্রয়োদশ অধিবেশনে আগামী ৭ জুন ২০১২-২০১৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে।
এ অধিবেশন কত দিন চলবে তা রোববার অধিবেশন শুরু আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ মেয়াদী হয়।
জাতীয় সংসদ ভবন এলাকায় চিফ হুইপের বাসভবনে আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, “সরকার কাউকে মুক্তি দিতে পারে না। মুক্তি দেবে আদালত। আমরা আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপির আটক নেতারা জামিনে বের হয়ে আসবেন। এখানে সরকারের কিছু করার নেই।”
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, বিরোধীদলীয় সংসদ সদস্যরা আসন রক্ষায় সংসদে আসেন। আবার সময় হলে তারা আসবেন। তারা বেতন-ভাতাসহ সব রকম সুযোগ সুবিধা নিচ্ছেন। আবার নানা বাহানা আর ছলচাতুরির আশ্রয় নিয়ে সংসদ বর্জন করছেন। আসলে তারা সংসদীয় গণতন্ত্রেই বিশ্বাস করেন না।
সরকারি দলের উদ্যোগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবির বিষয়ে চিফ হুইপ জানান, বিরোধী দলের এই দাবি অবৈধ ও অগণতান্ত্রিক। তারপরও এ নিয়ে যদি কিছু বলতে হয় তা সংসদে যোগ দিয়েই তাদেরকে বলতে হবে।
এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক তার বাসভবনে সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের শীর্ষ নেতা এবং সংসদ সদস্যদের মুক্তি দিতে হবে। পাশাপাশি সরকারের উদ্যোগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত বিল উত্থাপন করতে হবে। এরপর দলীয় ফোরামে আলাপ-আলোচনা করে সংসদে যাওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।
সংসদ সচিবালয়ের আইন শাখা জানিয়েছে, সংসদের ত্রয়োদশ অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত নতুন তিনটি বিল জমা পড়েছে। এর মধ্যে দুটি সরকারি ও একটি বেসরকারি বিল।
এর আগে বিরোধী দল ছাড়াই বসে নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। ওই অধিবেশনের মাঝামাঝিতে সংসদে ফিরেছিল বিরোধী দল, বক্তব্য রেখেছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও।
তবে স্পিকার আবদুল হামিদ অধিবেশনের সমাপনী দিন ২৯ মার্চ বিরোধী দল সংসদে না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
সংসদের সমাপনী বক্তব্যে স্পিকার সংসদ সদস্যদের ভাষা প্রয়োগ ও আচরণে সংযত হওয়ার তাগিদ দেন। এই অধিবেশনেই সংসদ সদস্য বিশেষ করে বিরোধী দলের সংসদ সদস্যদের অসংযত ভাষা এবং প্রতিপক্ষের দিকে তেড়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন আবদুল হামিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯৪৩ ঘ.
bdnews24