২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে ট্রাক-টেম্পু সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন টেম্পুর দুই আরোহী। এসময় আহত হন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

টাঙ্গাইল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন টেম্পুর দুই আরোহী। এসময় আহত হন আরো তিনজন। গোড়াই হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টেম্পুচালক লাল চাঁন (২৫) ও মাছ ব্যবসায়ী লক্ষ্মণ চন্দ্র রাজবংশী (৪৫)। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া এলাকায়। ওসি সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেম্পুটি কালিয়াকৈর থেকে যাত্রী নিয়ে মির্জাপুর যাচ্ছিল। সোহাগপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২ দিনাজপুর উপশহরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এবং চিরিরবন্দর উপজেলার কাউগাঁ রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় দুজন মারা গেছেন। দিনাজপুর জিআরপি থানার ওসি শামসুল আলম জানান, শনিবার সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের উপশহর এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে ট্রেনের চাকায় কাটা পড়ে নিহত হন অজ্ঞাত পরিচয় একজন যাত্রী। তিনি আরো জানান, সকাল সাড়ে ৯টার চিরিরবন্দর উপজেলার কাউগাঁ রেলস্টেশন এলাকায় রেললাইন পাড় হওয়ার সময় দিনাজপুর থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনে কাটা পড়ে মারা যায় অজ্ঞাত পরিচয় এক ভিক্ষুক। পরিচয়বিহীন দুটি লাশই দিনাজপুর জিআরপি থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি শামসুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৩৫৩ ঘ.