ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ে ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার সকালে হিমালয় চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান ওয়াসফিয়া। এর এক সপ্তাহ আগেই প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট শৃঙ্গ জয় করেন নিশাত মজুমদার।
ওয়াসফিয়ার এভারেস্ট জয়ের খবর শুনে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনলাইনে কর পরিশোধ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছে।
ওয়াসফিয়ার এক সপ্তাহ আগে গত শনিবার বাংলাদেশি প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। পর্বত থেকে নেমে তিনি এখন কাঠমান্ডুর পথে রয়েছেন।
প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বলেন, ওয়াসফিয়ার সাহসিকতায় দেশবাসী গর্বিত।
“বাংলাদেশি নারী হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওয়াসফিয়া বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করায় সমগ্র দেশবাসীর সঙ্গে আমিও গর্বিত।”
তার এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের নারীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছেন। ওয়াসফিয়ার সাফল্য বিশ্বের দরবারে বাংলাদেশকে গৌরবের এক মহাচূড়ায় তুলে দিল।
ওয়াসফিয়ার পাশাপাশি নিশাতের সাফল্যের কথা স্মরণ করে বিরোধীদলীয় নেতা বলেন, “এই দুই নারীকে অনুসরণ করে ভবিষ্যত প্রজন্মও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য অর্জনে সক্ষম হবে।”
এভারেস্টজয়ী ওয়াসফিয়াকে অভিন্দন জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীও।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, “বাংলাদেশের নারীরা যে এগিয়ে চলেছে, ওয়াসফিয়ার কৃতিত্ব তারই স্বাক্ষর। তার এভারেস্টজয়ের আনন্দে সবার মতো আমিও শামিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমআই/১৭১৭ ঘ.
bdnews24