২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে শান্তিপূর্ণ অবরোধ

আইন সংশোধন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) বিচার কার্যক্রম বন্ধ রাখা এবং পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 06:49 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

খাগড়াছড়ি, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন সংশোধন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) বিচার কার্যক্রম বন্ধ রাখা এবং পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৩৬ ঘণ্টার এই অবরোধের ডাক দেয়, যা বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। একই দাবিতে বান্দরবানে বুধবার সকাল-সন্ধ্যা এই অবরোধ পালিত হয়। অবরোধ শেষে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ভূমি কমিশনের চেয়ারম্যান একতরফাভাবে শুনানি করে সেটলারদেরকে দেওয়া অবৈধ ভূমি বন্দোবস্তকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। এটা পাহাড়িদের বাস্তুভিটা থেকে উচ্ছেদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। অবরোধের দ্বিতীয় দিনে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করে ইউপিডিএফের সদস্যরা। অবরোধের মধ্যে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। তবে কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৩৪ ঘ.