চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি রোধে নগরীর পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সংশ্লিষ্ট পাহাড় মালিকদের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে চসিক।
বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের ২৩ তম সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম বলেন, নগরীতে পাহাড়ের পাদদেশে বিপুল সংখ্যক মানুষ বসবাস করছে।
প্রতিবছর বর্ষা মওসুমে পাহাড় ধসে প্রাণহানিসহ বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়।
এবার বর্ষা মওসুমের আগেই পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে দিতে নগরীর পাহাড় মালিকদের চিঠি দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সিটি মেয়র।
দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি সিটি কর্পোরেশনের রয়েছে দাবি করে মনজুর আলম বলেন, এছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ডে দু’শ’ শিক্ষিত যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে একটি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।
কর্পোরেশনের সচিব মোহাম্মদ সামশুদ্দোহা সভা পরিচালনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/এইচএ/২০৪৪ ঘ.
bdnews24