২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির চিকিৎসাকেন্দ্রে হামলা, অ্যাম্বুলেন্স ভাঙচুর

অ্যাম্বুলেন্স চেয়েও না পাওয়ার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে হামলা চালিয়েছে একদল শিক্ষার্থী। এ সময় তারা দুটি অ্যাম্বুলেন্স ও কয়েকটি কক্ষে ব্যাপক ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাম্বুলেন্স চেয়েও না পাওয়ার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে হামলা চালিয়েছে একদল শিক্ষার্থী। এ সময় তারা দুটি অ্যাম্বুলেন্স ও কয়েকটি কক্ষে ব্যাপক ভাঙচুর করে। চিকিৎসাকেন্দ্রের প্রধান মির্জা ওয়াজেদ বেগ বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে একজন ছাত্র পরিচয় দিয়ে অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। সেসময় চিকিৎসাকেন্দ্রের দুটি অ্যাম্বুলেন্সই বাইরে ছিলো। সাড়ে ১১টার দিকে একটি অ্যাম্বুলেন্স এলে সেটিকে তাদের দেওয়া ঠিাকানায় পাঠিয়ে দেওয়া হয়, তবে সেখানে কাউকে না পেয়ে ফিরে আসেন চালক। দুপুর ১টার দিকে ১৪-১৫ জন শিক্ষার্থী হঠাৎ করে লাঠিসোটা নিয়ে চিকিৎসাকেন্দ্রে গিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করেন। হামলায় অ্যাম্বুলেন্সের চালক আব্দুল হুদা ও টেলিফোন অপারেটর শফিকুল ইসলাম আহত হয়েছেন। ওই শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন বলে জানান মির্জা ওয়াজেদ। মতিহার থানার ওসি আনিছুর রহমান আনিছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হামলাকারীরা ছাত্র ছিলো বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। অবশ্য ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী দাবি করেন, ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাস ছুটির আগে নিজেদের অবস্থান জানানোর জন্য এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী জাকারিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৪৮ ঘ.