২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের ‘মারের ভয়ে’ পালাতে গিয়ে ছাত্রের মৃত্যু

শিক্ষকের ‘মারধরের ভয়ে’ সাভারের আশুলিয়ায় স্কুল ছাত্রাবাসের ছাদ থেকে পাইপ বেয়ে পালাতে গিয়ে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে আিভযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

সাভার, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকের ‘মারধরের ভয়ে’ সাভারের আশুলিয়ায় স্কুল ছাত্রাবাসের ছাদ থেকে পাইপ বেয়ে পালাতে গিয়ে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে আিভযোগ পাওয়া গেছে। নিহতের মা ও স্কুলের কয়েকজন ছাত্র এ অভিযোগ করেছে। নিহত সজিব হোসেন (১২) সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। সে ঢাকার দোহার উপজেলার রায়পাড়া এলাকার মামুন হোসেনের ছেলে। সে স্কুলের ছাত্রাবাসে থাকতো। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বগাবাড়ী এলাকার ওই স্কুলের সপ্তম তলার ছাদ থেকে পাইপ বেয়ে পালানোর সময় নিচে পড়ে গিয়ে সজিব আহত হয়। হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে সজিব সপ্তম তলার ছাদ থেকে পাইপ বেয়ে পালানোর সময় নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকাল ১০টায় পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সজিব গত ১২ মে ওই স্কুলে ভর্তি হয়। সে ছাত্রাবাসের ষষ্ঠ তলার আবাসিক ছাত্র ছিল বলে পুলিশ কর্মকর্তা জানান। ছাত্রবাসের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিসান ও চতুর্থ শ্রেণীর ছাত্র সালমানসহ বেশ কয়েকজন সাংবাদিকদের বলেছে, “বৃহস্পতিবার সকাল ৫টায় ঘুম থেকে উঠে আমরা পড়তে বসি। কিন্তু সজিব ঘুম থেকে উঠতে একটু দেরী করায় ছাত্রাবাসের দায়িত্বে থাকা সেলিম স্যারের মারধরের ভয়ে ছাদ থেকে পাইপ বেয়ে নেমে পালানোর চেষ্টা করে।” ছাত্ররা আরো জানায়, ঘুম থেকে দেরী করে উঠায় এর আগেও কয়েকজন ছাত্রকে শিক্ষক সেলিম মারধর করার সময় সজিব তা দেখেছে। নিহতের মা সালমা আক্তার থানায় সাংবাদিকদের বলেন, “আমার ছেলে এভাবে পালাতে পারে না। শিক্ষকের মারধরের ভয়ে সে পালানোর চেষ্টা করে।” সালমা আক্তার তার একমাত্র ছেলের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষের ‘দায়িত্বহীনতাকে’ দায়ী করেন। তবে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সজিব একাধিকবার পালানোর চেষ্টা করেছে দাবি করে স্কুলের অধ্যক্ষ মহাদেব কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এব্যাপারে তার মা সালমা আক্তারকে জানানো হয়েছিল। তিনি শিক্ষক সেলিমের মারধরের বিষয়ে ছাত্রদের অভিযোগ অস্বীকার করেন। সজিব এর আগেও একাধিকবার পালানোর চেষ্টা করেছিল- স্কুল অধ্যক্ষের এ দাবির বিষয়ে জানতে চাইলে মা সালমা আক্তার অবশ্য চুপ করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮১২ ঘ.