২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন বিএনপিপন্থী ২২ আইনজীবী

ঢাকার আদালতে বিশৃঙ্খলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জামিনের আবেদন করার পর বিএনপিপন্থী ২২ আইনজীবীকে ১০ দিনের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালতে বিশৃঙ্খলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জামিনের আবেদন করার পর বিএনপিপন্থী ২২ আইনজীবীকে ১০ দিনের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই আবেদন মঞ্জুর করেন। সানাউল্লাহ মিয়াসহ বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বিএনপি নেতা জয়নুল আবেদীন সকালে এই জামিনের আবেদন জমা দেন। তিনিই আদালতে জামিন আবেদনের ওপর শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। জামিনের আবেদনকারী আইনজীবীরাও শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। মাহবুবউদ্দিন খোকনসহ বিরোধী দলের কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ ও ভাংচুর করার পর দ্রুত বিচার আইনে এই মামলা করে কতোয়ালি থানা পুলিশ। এতে ২৯ জনের নাম উল্লেখসহ মোট ৯৯ জনকে আসামি করা হয়। আদালতে ভাংচুর এবং বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। জামিন আবেদনের শুনানিতে দাঁড়িয়ে জয়নুল আবেদীন বলেন, “আদালতের এক কর্মকর্তা একটি এজাহার দাখিল করতে গিয়েছিলেন। সেখানে কারো নাম ছিল না। পুলিশ সেই মামলাটি না নিয়ে পরে নিজেরাই শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে মামলা করেছে।” “এই মামলায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে চেম্বার ও বাসায় অভিযান চালাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে এসে জামিন চাইছি”, বলেন আই আইনজীবী। এ সময় আদালত বলে, “সেখানে একটি অকারেন্স ঘটেছে। এতে তো কোনো সন্দেহ নেই। কে এর সঙ্গে জড়িত সেটা তদন্তে বেরিয়ে আসবে। আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দার যোগ্য। আমরা সবাইতো আদালতে আছি। আদালতই আমাদের আশ্রয়। এ ধরনের ঘটনা বন্ধ করতে হবে।” এ সময় জয়নুল আবেদীন বলেন, “এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।” পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান দাঁড়িয়ে বলেন, ছয় নম্বর কোর্টে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সেখানে যারা এ ধরণের ঘটনা ঘটিয়েছিলেন, তাদের অধিকাংশই হাই কোর্টের তালিকাভুক্ত আইনজীবী নন। “পরে তাদের আদালতে গিয়ে ‘সরি’ বলতে হয়েছে। এটাই নিয়ম। এদেরও ‘সরি’ বলা উচিৎ।” এ সময় জয়নুল আবেদীন দাঁড়িয়ে বলেন, “আদালতে যে ঘটনা ঘটেছে, সে জন্য আমরা ‘সরি’। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়টি আমরা দেখব।” আদালত এ বিষয়টিই জামিন আবেদনে উল্লেখ করতে বললে জয়নুল কয়েক মিনিট পর ‘সংশোধিত’ জামিন আবেদন বেঞ্চে জমা দেন। এরপর আদালত ১০ দিনের জন্য ২২ আইনজীবীর জামিন মঞ্জুর করে। শুনানির সময় জয়নুলের ঠিক পিছনেই ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের এই সদস্য সকালে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে জামিন আবেদন উপস্থাপনের সময়ও উপস্থিত ছিলেন। জামিন পাওয়া ২২ আইনজীবীর মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সাধারণ খোরশেদ আলম, মহসিন মিয়া, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা খান, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদারও রয়েছেন। এ মামলার আসামির তালিকায় আরো আছেন- ওমর ফারুক, আব্দুর নূর ভূইয়া বাবলু, আব্দুল খালেক মিলন, জালাল আহমেদ দোলন, হেলাল উদ্দিন, নূরুজ্জামান (১), জীবন, মাসুদ রানা, মাহমুদুর রহমান, মজিবর, দিদার (বড়), দিদার (ছোট), নুরুজ্জামান (২), হেলাল, কামাল হোসেন, মনির, ফারদিন, জ্যাকব, এরশাদুল হক জর্জ, জামাল আলী মিয়া, পাপ্পু ও মিলন। গত মঙ্গলবার পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে তাদের মিছিলে দেখা গেলেও বুধবার তাদেরসহ বিএনপিপন্থী অনেক আইনজীবীকেই দেখা যায়নি। যারা আদালতে এসেছিলেন, তাদের কয়েকজন জানান, গ্রেপ্তার এড়াতে অন্যরা আদালত এড়িয়ে চলছেন। হরতালে গাড়ি পোড়ানো এবং বিস্ফোরণের ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরও দ্রুত বিচার আইনের মামলায় আসামি করা হয়, যাতে তারা এখন কারাবন্দি। বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৩০ ঘ.