চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইপিজেডের একটি গার্মেন্টস থেকে পাচার হওয়া আধ লাখ মিটার কাপড় জব্দ করেছে র্যাব সদস্যরা।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাপড় বহন করা একটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর জিয়াউল আহসান সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) সংলগ্ন ব্যারিস্টার কলেজ রোডের স্বাগতম হাউজ নামে একটি ভবন থেকে এসব কাপড় জব্দ করা হয়।
প্রায় সাত টন কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
র্যাব কর্মকর্তা জানান, এসব কাপড় ইপিজেড এলাকার জেএমএস নামক গার্মেন্টস থেকে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাস করে ব্যারিস্টার কলেজ রোডের স্বাগতম হাউজে রাখা হয়। গোপন সংবাদ পেয়ে র্যাব অনুসন্ধান চালিয়ে কাপড়গুলো জব্দ করে।
শুল্কমুক্ত পণ্যের আওতায় বিদেশ থেকে আনা এসব কাপড় একটি চক্র ইপিজেড এলাকার বিভিন্ন গার্মেন্টস থেকে পাচার করে বাইরে এনে বিক্রি করে বলে তিনি জানান।
তিনি বলেন, জেএমএস গার্মেন্টস থেকে সকালে পাচার করে এসব কাপড় বাইরে নিয়ে আসা হয়েছিল। এতে গার্মেন্টসের কিছু কর্মচারী, সিইপিজেড এর নিরাপত্তাকর্মীসহ কিছু লোক জড়িত রয়েছে।
এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে অভিযান চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৭২০ ঘ.
bdnews24