ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী-পুরুষ সমতাভিত্তিক গণমাধ্যম নীতিমালার দাবি জানিয়েছেন নারী সাংবাদিকরা।
বুধবার ‘জেন্ডার সমতা আনয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এই দাবি উঠে আসে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।
নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবেরী গায়েন।
মূল প্রবন্ধে বলা হয়, “টেলিভিশন, সংবাদপত্র, বিজ্ঞাপন, তথ্যমূলক অনুষ্ঠানে নারীর উপস্থিতি কেবল পারফরমার হিসেবে, নির্মাতা হিসেবে নয়। সংবাদপত্রে নারী সংবাদের কভারেজের পরিসর ও গভীরতা গ্রহণযোগ্য মাত্রায় থাকার পরও প্রতিবেদনের দৃষ্টিভঙ্গির কারণে গোটা প্রতিবেদনটি প্রায়শই হয়ে উঠে নারীবিদ্বেষী, ক্ষেত্রবিশেষে পুরুষতান্ত্রিক।”
এক্ষেত্রে গণমাধ্যমকে নারী-বান্ধব করার জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালার প্রয়োজন বলে মূল প্রবন্ধে তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী শিরীন শারমিন বলেন, জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে ইতোমধ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। খসড়া তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এটা নিয়ে জুনের দ্বিতীয় সপ্তাহে সবার সঙ্গে আলোচনা করা হবে।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন পাক্ষিক অনন্যা নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক কেন্দ্রের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, নারী সাংবাদিক কেন্দ্রের অর্থ সম্পাদক আক্তার জাহান মালিক। কর্মশালা সঞ্চালনা করেন নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এমআই/০০২০ ঘ.
bdnews24