ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ির চালক হিসেবে পুরুষদের চেয়ে নারীরাই বেশি যোগ্য বলে মনে করেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর আশকোনায় ব্র্যাক ড্রাইভিং ও ট্রেনিং স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, “আমার মনে হয়, গাড়ি চালানোর ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ভালো করবে। তাই মেয়েদের যেন বেশি পরিমানে এ পেশার সাথে যুক্ত করা যায়, সরকার সে চেষ্টা করছে।”
নারীরা গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদারের প্রসঙ্গ টেনে এনে মন্ত্রী বলেন, “আমাদের দেশের ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও হিমালয়ের চূড়া জয় করতে সক্ষম হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নারী চালকরা দক্ষতার সঙ্গে এ পেশা পরিচালনা করছে। মালয়েশিয়াতেও আমি দেখেছি মেয়েরা হিজাব পরে গাড়ি চালায়।”
এ সময় তিনি বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানকে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
“সড়কে গাড়ির চেহারা দেখলে হতাশ হতে হয়। চেয়ারম্যান সাহেব, এ গাড়িগুলোর চেহারা কি বদলানো যায় না”, প্রশ্ন করেন তিনি।
ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় চালকদের এই প্রশিক্ষণ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান প্রকল্পটির পরিচালক নাজমুল হোসেন।
প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে ১ বছরের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬২১ ঘ.
bdnews24