২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ইয়াবাসহ সেনা কর্মকর্তা আটক

রাজধানীর দক্ষিণখান এলাকায় ইয়াবাসহ এক সেনা কর্মকর্তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান এলাকায় ইয়াবাসহ এক সেনা কর্মকর্তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক রাজু আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের আকবর টাওয়ারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক বাসারুল আনাম আহমেদ (৩১) সেনাবাহিনীর মেডিকেল কোরের ক্যাপ্টেন। পরিদর্শক রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাছে ১০০টি ইয়াবা পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারটিও আটক করা হয়। তিনি বলেন, “বাসারুল নিজেকে সেনাবহিনীর ক্যাপ্টেন বলে দাবি করলেও তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে তার কাছে সেনাবহিনীর পোশাক পরা একটি ছবি পাওয়া গেছে।” বিষয়টি সেনা কর্তৃপক্ষকে জানালে পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তার পরিচয় নিশ্চিত করে বলে জানান পরিদর্শক রাজু আহমেদ। দক্ষিণখান থানার ওসি লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। তবে ইয়াবাসহ আটক বাসারুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এএল/১৫৫০ ঘ.