২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানিখাতে ৪শ’ মিলিয়ন ডলার জাপানি বিনিয়োগ

জ্বালানিখাতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে ৪শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপানি উদ্যোক্তারা। এজন্য শিগগিরই সরকারের সঙ্গে একটি চুক্তি সই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানিখাতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে ৪শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপানি উদ্যোক্তারা। এজন্য শিগগিরই সরকারের সঙ্গে একটি চুক্তি সই হবে। পরবর্তীতে এ বিনিয়োগ আরো ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার বাড়ানো হবে। সফররত জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এর সিঙ্গাপুরে অবস্থিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রতিনিধি ফুমিটাকা মাসিদা মঙ্গলবার সকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সঙ্গে এক বৈঠকে একথা জানান। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনসুর আলী সিকদার, জেবিআইসি’র সিঙ্গাপুর অফিসের প্রতিনিধি সিন তানিমুরাসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের শিল্পখাতে জেবিআইসি’র বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন সার কারখানার আধুনিকায়ন, জাপানি হাইটেক শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর, কয়লা ও গ্যাসভিত্তিক জ্বালানি এবং টেলিযোগাযোগ খাতে বিনিয়োগসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়। ফুমিটাকা মাসিদা বলেন, বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে জেবিআইসি প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী। তিনি বিশেষ করে জ্বালানিখাতে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। তিনি দেশের শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা অর্জন এবং অবকাঠামো উন্নয়নের পরামর্শও দেন। বৈঠকে শিল্পমন্ত্রী দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে জেবিআইসি প্রতিনিধিকে অবহিত করেন। এ সময় তিনি বলেন, জেবিআইসি প্রণীত বিনিয়োগ সক্ষমতার তালিকায় বাংলাদেশ বর্তমানে ১৬তম অবস্থানে রয়েছে। তিনি বাংলাদেশে টেকসই ও দক্ষ শিল্পখাত গড়ে তুলতে জাপানের হাইটেক শিল্প কারখানা স্থানান্তরের ওপর গুরুত্ব দেন। মন্ত্রী জাপানকে বাংলাদেশের পরীক্ষিত উন্নয়ন অংশীদার অভিহিত করে দেশের সার কারখানার আধুনিকায়নে জাপানি বিনিয়োগ কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২০৩৪ ঘ.