ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ১১ থেকে ১৯ জুন পর্যন্ত বিশেষ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে। এতে ১০ হাজার ৮০৮ জন প্রার্থী অংশ নেবেন।
মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয়টি বিভাগীয় শহরের ১২টি পরীক্ষা কেন্দ্রে বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা হবে।
এর মধ্যে ঢাকার সাতটি এবং রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের একটি করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে বই, ব্যাগ, মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগযন্ত্র আনা নিষিদ্ধ। পরীক্ষার সময় কারো কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
পরীক্ষার্থীদের পরিচিতি নিশ্চিতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে অনুরোধ করেছে পিএসসি, তবে তা বাধ্যতামূলক নয়।
গত ৯ মার্চ দেশের ১৮টি কেন্দ্রে বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২৪ হাজার ৫৬২ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১০ হাজার ৮০৮ জন উত্তীর্ণ হন।
পিএসসি জানায়, ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬২৭ ঘ.
bdnews24