মাগুরা, ২২মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরের ভায়নারমোড় এলাকায় ট্রাক ও যাত্রীবাহী গাড়ির সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। এ সময় শিশু ও মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোখলেছুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের ভায়নার মোড় সার গোডাউন এলাকায় মাগুরা-যশোর সড়কে যশোরমুখী একটি ট্রাক অপর একটি ট্রাককে পাশ কাটাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ইয়াসিন মুন্সি (৪৫)।
বেলা সাড়ে ১১টায় আহত খিলাফত (৬০) মাগুরা সদর হাসপাতালে মারা যান। তার বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার টিকারী গ্রামে।
দুর্ঘটনায় গুরুতর আহত ফাতেমা (১০), লিমন (৯), ওয়ালিদ (৭), জেসমিন (১০), নজরুল (২৮), তারা (৩৫), সোনিয়া (১০), কাকলি (৩৩), রেজওয়ান (১৮) সহ অজ্ঞাত আরো ৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সরোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৪০ ঘ.
bdnews24