চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে নগরীর ওমরগনি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এমইএস কলেজ ছাত্র সংসদের সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আরশাদুল আলম বাচ্চুর পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
ওয়াসিম চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাচ্চু দপ্তর সম্পাদক।
আহতরা হলেন- কলেজর দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র রোটন দাশ ও একই বর্ষের মো. শাকিল। অপরজনের পরিচয় জানা যায়নি।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মো. শরিফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫৩৯ ঘ.
bdnews24