২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিবাহ: মেহেরপুরের ইউএনও-ওসিকে তলব

আগামী ২৯ মে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে তাদের ব্যাখ্যা জানাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্য বিবাহ দেওয়ার ঘটনায় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিসহ চারজনকে তলব করেছে হাই কোর্ট। একটি জাতীয় দৈনিকে বাল্য বিবাহ সংক্রান্ত প্রকাশিত একটি খবরের ভিত্তিতে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। তলবকৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোমিন, সদর থানার ওসি জাহাঙ্গীর আলম, দুই কাউন্সিলর মেহেরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ওরফে মনি এবং দ্ইু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। ২৯ মে আদালতে হাজির হয়ে তাদের এ ব্যাপারে ব্যাখ্যা জানাতে বলেছে আদালত। এছাড়া বাল্য বিবাহ দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, মেহেরপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দুই কাউন্সিলরকে এর জবাব দিতে বলা হয়েছে। ‘দায়িত্ব নিয়ে বাল্য বিবাহ দিলেন দুই কাউন্সিলর’ শিরোনামে সোমবার দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি আদালতের নজনে আনেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী অবন্তী নুরুল। প্রথম আলোর ওই খবরে বলা হয়, আবদুল্লাহ আল মামুন ও মনিরুজ্জামান ওরফে মনির মধ্যস্থতায় মেহেরপুর শহরের বোসপাড়ার ১১ বছর বয়সের এক স্কুল ছাত্রীর সঙ্গে ১৩ বছরের এক স্কুল ছাত্রের বিয়ে হয়। বিয়েতে মেয়ের আপত্তির কারণে এ বাল্যবিবাহ বন্ধে এলাকাবাসী ইউএনও ও সদর থানার ওসিকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেন। কিন্তু দুই ওয়ার্ড কাউন্সিলরের প্রভাবের কারণে ইউএনও এবং পুলিশ বিয়ে বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আদালতে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৪৪৪ ঘ.