চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় নির্মীয়মান একটি দোকানের সানশেড ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা শওকত জানান, সোমবার সকাল ৯টার দিকে বন্দর থানাধীন মুন্সিপাড়া মুনিরনগর জোড়াপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলা জেলার সুলতান আহমেদের ছেলে মো. শাহজাহান (৫৫) এবং লক্ষীপুর জেলার মো. সেকান্দার মিয়ার ছেলে মো. মোসলেহ উদ্দিন (৫০)। এ সময় আহত হন আরেক শ্রমিক।
এসআই মোস্তফা শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় মো. জসিমের মালিকানাধীন একটি দোকান নির্মাণ কাজ করছিলেন হতাহতরাসহ চার শ্রমিক।
“দোকানটির সানশেড বাঁশ দিয়ে ঠেস দেয়া ছিল। বাঁশ সরাতে গেলে তাদের উপর সানশেডটি ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং একজন আহত হন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/কিউএইচ/এসইউ/১৩৩৩ ঘ.
bdnews24