২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিন্ডিকেট নির্বাচনে ভোট গ্রহণ শেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিনস, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিনস, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ চারটি নির্বাচনে কমিশনারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সোমবার সকাল ১০টা থেকে ভোট শুরু হয়। প্রায় ১ হাজার ৬৫০ জন ভোটার বেলা ১টা পর্যন্ত ভোট দেন। ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, বিকিলেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। মিজানুর রহমান জানান, এ বছর সিন্ডিকেটের ছয় ধরনের পদের মধ্যে পাঁচটিতে নির্বাচন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডিন, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও প্রাধ্যক্ষদের মধ্য থেকে নির্বাচিত ছয় জন শিক্ষক সিন্ডিকেটে প্রতিনিধিত্ব করেন। কিন্তু বর্তমানে দুজন ডিন অনির্বাচিত অবস্থায় থাকায় এই বিভাগের সিন্ডিকেট সদস্য নির্বাচন পরে করা হবে বলে জানান তিনি। বরাবরের মতো এবারো নির্বাচনে মূল আলোচনায় ছিল ক্ষমতাসীন আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচিত ‘নীল দল’ এবং বিএনপি-জামায়াতপন্থী ‘সাদা দল’। নীল দলের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক মো. আখতারুজ্জামান রোবাবর প্রচারণার শেষ ভাগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে ভালো ফলাফল করেছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বেশ ভালভাবেই চলছে। তাই আমরা মনে করছি, আমরা এ নির্বাচনে ভালোই করব।” একই আশা প্রকাশ করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের শিক্ষকবান্ধব হিসেবেই জানে। আমরা সব সময় সত্য ও ন্যায়ের পথে থাকি। এজন্য আমি মনে করি, শিক্ষকরা আমাদেরকেই নির্বাচিত করবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৫৫ ঘ.