ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলে কোনো যুদ্ধাপরাধী থাকলে তাদের ‘চিহ্নিত’ করে আসামিপক্ষকে আবেদন করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
যুদ্ধাপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে রোববার তার আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেন, সরকারি দলে যুদ্ধাপরাধী থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শুনানির এক পর্যায়ে তাজুল ইসলাম বলেন, “আমার মক্কেল বর্তমান ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণেই এই বিচার হচ্ছে।”
জবাবে ট্রাইব্যুনাল বলে, “প্রসিকিউশন বলছে, সরকারি দলে কেউ নেই। আপনারা বলছেন, আছে। তাহলে দেখিয়ে দিচ্ছেন না কেন? সরকারি দলে কেউ থাকলে তাকে দেখিয়ে দেন। আবেদন না করলে কি ব্যবস্থা নেওয়া হয়, তা কীভাবে বুঝবেন?”
আইনজীবী তাজুল বলেন, “এই বিচার যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, সরকারি দলেও অনেক অপরাধী রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
এ পর্যায়ে আদালত বলে, “ক্ষমতাসীন দলে যারা আছে, তাদের বিরুদ্ধে (তদন্ত চেয়ে) একটাও আবেদন করেছেন কি?”
আইনজীবী তাজুল বলেন, “এটাতো সরকারেরই দায়িত্ব। এই বিচার তারা করছে। এটা নিরপেক্ষ প্রমাণ করতে তাদেরই উচিত দল মত নির্বিশেষে সবাইকে বিচারের আওতায় আনা।”
“আমরা আবেদন করলে তো সেটা যাবে প্রধান প্রসিকিউটরের কাছে। তিনিই ঠিক করবেন, এর তদন্ত হবে কি-না। আর প্রসিকিউশন তো রাজনৈতিক পক্ষপাতদুষ্ট”, আলীমের আইনজীবী বলেন।
এরপর তাজুল বলেন, এ ধরনের আবেদন করার বিষয়টি তারা ভবিষ্যতে ভেবে দেখবেন।
এ মামলা থেকে আলীমকে অব্যাহতি দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে তাজুল বলেন, আইনের ১৬ (৩) ধারা অনুসারে সব অপরাধ সুনির্দিষ্ট করতে হবে। কখন, কোথায়, কীভাবে, কার প্রতি অপরাধ হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনটিতেই এর সবগুলো সুুনির্দিষ্ট করতে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, একাত্তরের মূল অপরাধীরা সুনির্দিষ্ট। তাই তাদের বাদ দিয়ে তাদের সহায়তাকারীদের বিচার করা যায় না।
এই পর্যায়ে আদালত বলেন, “আমাদের আইনে অপরাধে সহায়তা করাও একটি আলাদা অপরাধ। তাই এ বিচার চলতে পারে।”
আসামি পক্ষের যুক্তি দেখানো শেষে প্রসিকিউশনের যুক্তি শোনার জন্য সোমবার দিন রেখে মামলার কার্যক্রম মুলতবি করেন বিচারক।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। ওই বছরই ৩১ মার্চ অশীতিপর এই বৃদ্ধকে ১ লাখ টাকায় মুচলেকায় ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর বেশ কয়েক দফা বাড়ানো হয় এই জামিনের মেয়াদ।
গত মার্চে আলীমের মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করার পর ২৪ এপ্রিল এ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।
জয়পুরহাটের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৩ হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছে প্রসিকিউশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24