মৌলভীবাজার, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে ধারালো অস্ত্রের আঘাতে ছাদেক মিয়া (৫০) আহত হন। শনিবার ভোরে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়।
ছাদেক শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মীরনগর গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে ছেলে জমশেদ মিয়া তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে।
স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, বছর দুয়েক আগে ছাদেক ঋণ নিয়ে জমশেদকে দুবাই পাঠান। কিন্তু অল্পদিনের মধ্যে জমশেদ দেশে ফিরে আসে।
ওই ঋণের টাকা পরিশোধ করতে ছাদেক স¤প্রতি কিছু জমি বিক্রি করলে ছেলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এসআই জাহাঙ্গীর আরো বলেন, ছাদেকের অপর ছেলে ছিদ্দিক মিয়া শ্রীমঙ্গল থানায় জমশেদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৪৩ ঘ.
bdnews24