গাজীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। সদর উপজেলার বাঘের বাজার ও মেম্বারবাড়ি এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
মাওনা মহাসড়ক থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কসমেটিক্স ব্যবসায়ী শাহজাহান নিহত হন (২৮)।
শাহজাহান ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া হবির বাড়ির মাস্টারবাড়ি এলাকার আব্দুল হকের ছেলে।
দুর্ঘটনার পর এলাকাবাসী ধাওয়া দিলে চালক ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোয়া ৯ টার দিকে যানবাহন চলাচল শুরু হয়েছে বলে জানান ওসি দেলোয়ার।
এর আগে ভোরে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানান নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, নিহতের পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫১ ঘ.
bdnews24