২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে ‘অপহৃত’ ব্যবসায়ী জামালপুরে উদ্ধার

ঢাকা থেকে ‘অপহৃত’ এক ব্যবসায়ীকে পাঁচ দিন পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

জামালপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে ‘অপহৃত’ এক ব্যবসায়ীকে পাঁচ দিন পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে চর পাকেরদহ ইউপি চেয়ারম্যান শাহ মো. মজনু ফকিরের বাড়ি থেকে সুরুজ্জামানকে উদ্ধার করা হয়। এদিকে ওই ইউপি চেয়ারম্যান বলছেন, আদম বেপারী সুরুজ্জামানকে প্রতারণার অভিযোগে এলাকার লোকজন ধরে এনে তার বাড়িতে রেখেছে। সুরুজ্জামান রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার বি ব্লকের ৬ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন। গত ১৩ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে ‘অপহরণ’ করা হয় বলে খিলক্ষেত থানায় মামলা করেন তার স্ত্রী মাহবুবা জান্নাত। সুরজ্জামানের বাড়ি জামালপুর সদরের নান্দিনা হামিদপুর গ্রামে। তিনি আমদানি-রপ্তানির ব্যবসা করেন বলে মামলায় উল্লেখ করা হয়। মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ মে ঢাকা থেকে উপজেলার তেঘুরিয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে মেহেদী হাসানসহ কয়েকজন মিলে সুরুজ্জামানকে মাইক্রোবাসে তুলে মাদারগঞ্জে নিয়ে আসে। পরে তারা তাকে চর পাকেরদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. মজনু ফকিরের বাড়িতে আটকে রাখে। মামলার সূত্র ধরে খিলক্ষেত ও মাদারগঞ্জ থানা পুলিশ বিকালে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়। চর পাকেরদহ ইউপি চেয়ারম্যান শাহ মো. মজনু ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুরুজ্জামান একজন আদম ব্যাপারী। তিনি তেঘুরিয়াসহ বিভিন্ন গ্রামের ১৫-২০ জন নিরীহ লোককে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেন। দীর্ঘদিন ধরে তাদের ঘোরাচ্ছেন এবং টাকা ফেরত দিতে নানা টালবাহানা করছেন। এজন্য নিরুপায় হয়ে লোকজন তাকে ঢাকা থেকে মাইক্রোবাসে তুলে মাদারগঞ্জে নিয়ে আসে এবং তার বাড়িতে রেখে যায়। তিনি জানান, গত ৩-৪ দিন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালও টাকা উদ্ধারের জন্য সুরুজ্জামানকে নিয়ে লোকজনের সঙ্গে বৈঠক করেছেন। অপহরণের ঘটনায় তিনি নিজে জড়িত নন বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৫১ ঘ.